ইসরায়েলের সঙ্গে কাঠামোগত চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহর
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত কাঠামোগত চুক্তি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান নাইম কাসেম বলেছেন, কোনো পরিস্থিতিতেই তারা আত্মসমর্পণ করবেন না।
হিজবুল্লাহর আল-মানার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে কাসেম বলেন, আমরা কাঠামোগত চুক্তির বিরুদ্ধে এবং এর পতনের আহ্বান জানাই। মার্চের শুরুতে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর পর দুই পক্ষের সংঘাত নতুন করে তীব্র হয়। জবাবে ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। লেবাননের কর্তৃপক্ষের হিসাবে, এতে এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জুনের শেষ দিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়। ওই আলোচনায় দুই দেশ একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছায়। এতে হিজবুল্লাহকে নিরস্ত্র করা, দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে দক্ষিণ লেবাননের নির্ধারিত কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে লেবাননের সেনা মোতায়েনের কথা রয়েছে। পাশাপাশি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণে একটি যাচাইব্যবস্থা রাখার প্রস্তাব করা হয়েছে।
তবে এসব ব্যবস্থার বিরোধিতা করে কাসেম বলেন, কাঠামোগত চুক্তিটি ‘অবৈধ, বেআইনি, অপমানজনক এবং লেবাননের সার্বভৌমত্বের জন্য ধ্বংসাত্মক’। পরীক্ষামূলক এলাকাভিত্তিক সেনা মোতায়েনসহ চুক্তির আওতায় প্রস্তাবিত কোনো পদক্ষেপই হিজবুল্লাহ মেনে নেবে না বলে জানান তিনি। চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণে প্রস্তাবিত যাচাইব্যবস্থাও প্রত্যাখ্যান করেছেন কাসেম।
ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা সেপ্টেম্বরের শুরুতে হওয়ার কথা রয়েছে। তবে এখনো আলোচনার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। এর আগে ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। কাসেম বলেন, ওই যুদ্ধবিরতি বাস্তবায়নে তার সংগঠন সমর্থন জানিয়েছিল। তবে বর্তমান কাঠামোগত চুক্তির ক্ষেত্রে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন হিজবুল্লাহপ্রধান। তিনি বলেন, আমরা মাথা উঁচু করে থাকব এবং আত্মসমর্পণ করব না। সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181664