রংপুরের গঙ্গাচড়ায় অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় এক অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কাউয়াফান্দা এলাকায় তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অটো ছিনতাইয়ের কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত মোখলেছুর রহমান (৫৫) উপজেলার সদর ইউনিয়নের নবনীদাস এলাকার বাসিন্দা। তিনি মৃত হামিদুর রহমানের ছেলে এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির কাজকর্ম শেষ করে খাওয়া-দাওয়া সেরে নিজের অটোরিকশা নিয়ে বের হন মোখলেছুর রহমান। রাত ১০টার দিকে কাউফান্দা এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় এক পথচারী গাড়ির লাইটের আলোয় একটি বাড়ির সামনে একজনকে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তিনি দেখতে পান, ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন। তার চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয়রা জানান, শরীরের বিভিন্ন স্থানে রক্ত থাকায় প্রথমে তাকে শনাক্ত করা যায়নি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার পরিচয় শনাক্ত করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে রাত প্রায় ২টার দিকে লাশ থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে থানায় নিয়ে আসি। আজ সকালে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা অটো ছিনতাইয়ের কারণে তাকে হত্যা করেছে। তবে তদন্ত করলে এর সঠিক কারণ জানা যাবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181663