ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর

মফস্বল ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভয়াবহ যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন আমিরুন্নেছা নামে এক নারী। হৃদরোগে আক্রান্তের পর লক্ষ্মীপুর থেকে ঢাকায় নেওয়ার পথে প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দাউদকান্দিতে তার মৃত্যু হয়। 

নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা। অ্যাম্বুলেন্সে থাকা নিহতের স্বজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া আমিরুন্নেছার স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেয়। রাত ১১টার দিকে দাউদকান্দিতে পৌঁছানোর পর তীব্র যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সটি। এরপর দীর্ঘ চার ঘণ্টা গাড়ি প্রায় স্থবির হয়ে ছিল। শেষ পর্যন্ত রাত সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সেই তিনি মারা যান।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, যানজটের মধ্যে অ্যাম্বুলেন্সে রোগী মারা যাওয়ার বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম বলেন, আশরিয়ারচরে ঢাকামুখী লেনে সংস্কারকাজ শুরুর কারণে যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রী ও চালকদের দুর্ভোগ কমাতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181657