যাত্রাবাড়ী থানা থেকে পালানো হত্যা মামলার নারী আসামি গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানা থেকে পালানো হত্যা মামলার নারী আসামি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থানার হাজত থেকে পালিয়ে যাওয়া নারী আসামি মিতু আক্তারকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় ৪০ ঘণ্টার অভিযান শেষে শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, মিতু আক্তার যাত্রাবাড়ী থানায় দায়ের করা রাসেল হত্যা মামলার আসামি। ওই মামলায় তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন।

পুলিশ জানায়, রিমান্ডের শেষ দিন বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এ সময় কৌশলে থানাহাজত থেকে পালিয়ে যান মিতু। পরে তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

এর আগে ওয়ারী বিভাগের ডেমরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মীর মুহসীন মাসুদ রানা জানিয়েছিলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে যাত্রাবাড়ী থানার হাজত থেকে মিতু আক্তার পালিয়ে যান। ওই দিনই তাঁর রিমান্ড শেষ হওয়ার কথা ছিল এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল।

পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে কেরানীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181637