প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল, সম্পর্ক ছাড়ার ঘোষণা যুবকের

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল, সম্পর্ক ছাড়ার ঘোষণা যুবকের

প্রেমের সম্পর্কের ইতি টানতে ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শালুকডুবি গ্রামের যুবক তারিকুল ইসলাম (২৫)। শুক্রবার বিকেলে বিলের ঘাট এলাকায় দুধ দিয়ে গোসল করে অতীতের ভালোবাসা থেকে সরে গিয়ে নতুন জীবন শুরুর ঘোষণা দেন তিনি। তারিকুল ওই গ্রামের ছেরদুল হোসেনের ছেলে।

তারিকুলের এমন ব্যতিক্রমী আয়োজন দেখতে বিলের ঘাট এলাকায় স্থানীয়দের ভিড় জমে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুধ দিয়ে গোসলের মাধ্যমে প্রেম-ভালোবাসার সম্পর্কের ইতি টেনে নতুনভাবে জীবন শুরু করার কথা জানান তিনি।

তারিকুল ইসলাম বলেন, একসময় তিনি একজনকে ভালোবেসেছিলেন। কিন্তু ওই সম্পর্ককে ঘিরে জীবনে নানা হতাশা ও কষ্ট তৈরি হয়। একপর্যায়ে সম্পর্কটি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবেই দুধ দিয়ে গোসল করেছেন।

তিনি বলেন, ‘আমি একজন বেঈমানকে ভালোবেসেছিলাম। তাকে ভালোবেসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি। আমি আর ওই সম্পর্কের মধ্যে থাকতে চাই না। ভালোবাসার পেছনে না ছুটে ভালো পথে ফিরে আসতে চাই।’

ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। অনেকে ঘটনাটিকে ভিন্নভাবে দেখলেও তারিকুলের ভাষ্য অনুযায়ী, দুধ দিয়ে গোসল ছিল অতীতের প্রেমকে বিদায় জানিয়ে নতুন জীবনে ফেরার প্রতীকী ঘোষণা।

স্থানীয় কয়েকজন জানান, প্রেমে ব্যর্থ হয়ে অনেকে হতাশায় ভেঙে পড়লেও তারিকুলের প্রকাশের ধরন ছিল সম্পূর্ণ আলাদা। তাঁর এই ‘ব্যতিক্রমী ব্রেকআপ’ এরই মধ্যে এলাকায় আলোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181633