ফ্যাসিবাদী সরকারের আমদানি-নির্ভর জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, বর্তমান সরকার জ্বালানি সংকট তৈরি করেনি; পতিত ফ্যাসিবাদী সরকারের আমদানি-নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি নীতির কারণেই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হলে ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক ও কোটবাড়ি এএইচকে (আখতার হামিদ খান) স্যাটেলাইট সিটির ধারণাপত্র উপস্থাপন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, চলমান আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি সংগ্রহ কঠিন হয়ে পড়েছে।
তিনি জানান, দেশের গ্যাস উত্তোলন বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি মজুত তৈরি এবং ভোলায় আবিষ্কৃত গ্যাসসহ নিজস্ব উৎসের গ্যাস দ্রুত কাজে লাগাতে মধ্যমেয়াদি উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের সুফল এক থেকে দেড় বছরের মধ্যে পাওয়া যাবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। এতে বাংলাদেশকে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে। একদিকে এতে আর্থিক চাপ তৈরি হয়েছে, অন্যদিকে প্রয়োজনীয় গ্যাসও পাওয়া যাচ্ছে না।
তিনি আরও বলেন, দীর্ঘ গণঅভ্যুত্থানের পর হাজারো শহীদের রক্ত এবং আহতদের ত্যাগের প্রতি রাষ্ট্রের দায় রয়েছে। সেই দায় হলো গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা এবং সব উন্নয়নকে পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া।
সেমিনারে মূল ধারণাপত্র উপস্থাপন করেন কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাতে বিকল্প আরেকটি মহাসড়ক এখন অত্যন্ত জরুরি। প্রস্তাবিত সড়কটি নির্মিত হলে অবহেলিত কুমিল্লার উত্তরাঞ্চল কৃষি ও শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181628