চার খুনের তদন্তে গাফিলতির কোনো সুযোগ নেই : নবাগত কমিশনার মাহবুবুর রশীদ
রংপুর জেলা প্রতিনিধি: রংপুর মেট্রোপলিটন পুলিশ(আরপিএমপি) কমিশনার মো. মাহবুবুর রশীদ বলেছেন, চার খুনের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তদন্তে পাওয়া তথ্য ও আলামত বিশ্লেষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।
নবাগত পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, এই ঘটনা এবং মামলাটি গুরুত্বপূর্ণ। তদন্তের ধারাবাহিকতা চলমান রয়েছে। তদন্তের ধারাবাহিকতায় অনেক প্রশ্নও আসবে, সে প্রশ্নগুলোর পেশাদারিত্বের সাথে জবাব খুঁজে বের করাই আমাদের দায়িত্ব।
আমরা সেই কাজগুলো করছি। চাঞ্চল্যকর এই ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এই মামলা নিয়ে সারাদেশে নানান রকম কথাবার্তা হচ্ছে। প্রতিটি কথাবার্তার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে যথাযথ জবাবদিহির মাধ্যমে মামলাটিকে সঠিক পর্যায়ে নিয়ে আদালতে চার্জশিট দাখিল করাই আমাদের লক্ষ্য।
আরপিএমপি কমিশনার আরও বলেন, এ ধরণের ঘটনায় কোনো গাফিলতির সুযোগ নেই। তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরণের প্রযুক্তিগত ও গোয়েন্দা সহায়তা নেওয়া হচ্ছে। নতুন কোনো ক্লু আসলে জানাবেন আমরা তদন্ত করব।
এটা পুলিশের কাজ, তবে সবার কাছ থেকে আমাদের সহযোগিতা প্রয়োজন। মাদক শুধু রংপুরের সমস্যা নয়, এটা দেশের সমস্যা। এই মুহূর্তে এটা সামাজিক সমস্যা। আমি সকালে কর্মকর্তাদের সাথে বসেছি, কথা বলেছি এবং তাদের সময় দিয়েছি। আশা করছি এক সপ্তাহের মধ্যে একটা পরিবর্তন দেখতে পারবেন।
এর আগে, রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ষ্ঠ পুলিশ কমিশনার হিসেবে মো. মাহবুবুর রশীদ পুলিশ কমিশনার(ডিআইজি) দায়িত্ব গ্রহণের পর আজ শুক্রবার (২৮ আগস্ট) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আরপিএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও ইউনিট ইনচার্জদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ কমিশনার রংপুর মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন, মাদক, চুরি, ছিনতাই, কিশোর অপরাধ, যানজটসহ জননিরাপত্তার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য ও মাঠপর্যায়ের বাস্তব চিত্র সম্পর্কে অবহিত হন। একইসাথে এসব সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে তার পরিকল্পনা তুলে ধরেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181615