পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত অবস্থায় লিফট থেকে পড়ে উজ্জ্বল খন্দকার (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে প্রকল্পের অভ্যন্তরে নিকিমথ কোম্পানির একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল খন্দকার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে নিকিমথ কোম্পানির অধীনে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে প্রকল্পের নিকিমথ কোম্পানির ভবনে ম্যান লিফটে কাজ করছিলেন উজ্জ্বল খন্দকার। কাজের এক পর্যায়ে প্রায় ২০ ফুট ওপর থেকে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কোম্পানির এলাকায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

পরে গুরুতর আহত অবস্থায় উজ্জ্বল খন্দকারকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

পরে আজ শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল খন্দকারের মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি পরে জানতে পেরেছি। এ বিষয়ে আরও খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181609