বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলে সোলার পার্ক স্থাপনের দাবি জানালেন রফিক কাজী এমপি
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দির বিস্তীর্ণ চরাঞ্চলে সোলার প্যানেল প্রকল্প স্থাপনের দাবি জানিয়েছেন, বগুড়া-১ আসনের এমপি কাজী রফিকুল ইসলাম। সংসদ সদস্যের এ দাবিকে যৌক্তিক দাবি বলে মনে করছেন বগুড়াবাসী।
অতি দ্রুত সারিয়াকান্দির চরাঞ্চলে একটি সোলার প্যানেল প্রকল্প বাস্তবায়ন করে বিদ্যুৎ সমস্যার সমাধান এবং কার্বন নিঃসরণ থেকে পরিবেশ রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী।বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেছেন, বগুড়া সারিয়াকান্দিতে একটি সোলার পার্ক প্রকল্প বাস্তবায়ন করা হোক।
বিষয়টি তিনি ত্রয়োদশ জাতীয় সংসদে প্রস্তাব করেছেন। গত বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে তার নির্ধারিত সময়ে বলেন, ৭১ বিধিতে আমার উত্থাপনীয় বিষয়, ৩৬ বগুড়া-১ আসনের চরাঞ্চলের অব্যবহৃত খাস জমিতে সৌরবিদ্যুত পার্ক স্থাপন প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকা সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা যমুনা ও বাঙালি নদী বিধৌত একটি বিস্তীর্ণ চরাঞ্চলীয় এলাকা।
এই এলাকায় শতশত খাস জমি পরে রয়েছে। যেখানে প্রায় সারাবছরই পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায়। এই বিশাল অব্যবহৃত জমিতে বাণিজ্যিকভাবে সৌরবিদ্যুত কেন্দ্র এবং মিনি সোলার গেজ স্থাপন করা হলে একদিকে চরাঞ্চলের যেমন হাজার হাজার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি সেচ পাম্পগুলোকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করবে।
অন্যদিকে চরের বিদ্যুৎ চাহিদা মেটানোর পর, উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রীডে সংযুক্ত করা সম্ভব হবে। চরাঞ্চলে আধুনিক পরিবেশবান্ধব সৌরবিদ্যুত কেন্দ্র স্থাপিত হলে, স্থানীয় কৃষি প্রক্রিয়াজাতকরণ, ক্ষুদ্র শিল্প বিকাশ ও বেকার যুবকদের কর্মসংস্থানের বিরাট সুযোগ সৃষ্টি হবে।
যা দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে অনন্য ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আপনার মাধ্যমে এই আসনের চরাঞ্চলের অব্যবহৃত খাস জমিতে সৌরবিদ্যুত পার্ক স্থাপনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট পরিকল্পনা ও বিশেষ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
সারিয়াকান্দির বাসিন্দা তারাজুল ইসলাম ফনি বলেন, চরের বেকার যুবকদের কর্মসংস্থান, কৃষি ফসলের উৎপাদন ত্বরান্বিত এবং অব্যবহৃত খাসজমির উপযুক্ত ব্যবহারের জন্য সংসদ সদস্যের প্রস্তাব খুবই যুগোপযোগী। আমরা বগুড়াবাসী সারিয়াকান্দির চরাঞ্চলে একটি সৌরবিদ্যুত পার্ক স্থাপন চাই, এটি আমাদের প্রাণের দাবি।
পরিবেশ বাঁচাতে এখন বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন এবং ব্যবহার বৃদ্ধির ওপর। সমগ্র বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি পরিবেশবান্ধব হওয়ায় এটি ‘গ্রিন এনার্জি’ অথবা ‘ক্লিন এনার্জি’ নামে পরিচিত। আর্থ-সামাজিক অগ্রগতি ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সোলার বিদ্যুৎ অপরিহার্য। কার্বন নিঃসরণ ও জলবায়ু পরিবর্তন রোধ করতে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌরশক্তি ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার অপরিহার্য।
এব্যাপারে সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং উপস্থিত সকল সংসদ সদস্যগণ আমার উপস্থাপনীয় বিষয়টি বেশ গুরুত্বসহকারে শ্রবন করেছেন। আশা করছি সারিয়াকান্দিতে অতি শিগগিরই সোলার পার্ক স্থাপন করা হবে।
এর মাধ্যমে বগুড়াবাসী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাবেন এবং সারাদেশের মানুষ এর সুবিধা পাবেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181603