বগুড়ার শেরপুরে সনদবিহীন চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা, ৭ দিনের কারাদন্ড
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় অভিযান চালিয়ে সনদবিহীন কথিত এক চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় পৌরশহরের স্যানালপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী ওই সাজা দেয়া হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তি ওই এলাকার রামচন্দ্র বিশ্বাসের ছেলে সুনীল কুমার বিশ্বাস।
জানা যায়, সুনীল কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে কোনো বৈধ চিকিৎসা সনদ ছাড়াই রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি ব্যবস্থাপত্র প্রদান, নিষিদ্ধ ওষুধ প্রেসক্রিপশন এবং শল্য চিকিৎসার মতো কার্যক্রম পরিচালনা করছিলেন।
অভিযানকালে তার চেম্বারে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধের পাশাপাশি অপারেশনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। এসব অপরাধের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে উল্লিখিত দণ্ড দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম।
মোবাইল কোর্ট পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় শেরপুর থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
শেরপুর থানার (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, সাজাপ্রাপ্ত ভুয়া ডাক্তারকে গতকাল শুক্রবার জেল হাজতে প্রেরণ হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু বলেন, সনদবিহীন ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়েছে। এই ধরণের ভুয়া চিকিৎসকদের চিহ্নিত করে আাইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181594