বর্তমান সরকার শিক্ষার ক্ষেত্রে জিডিপির মোট ২ শতাংশ বরাদ্দ দিয়েছে: প্রতিমন্ত্রী

বর্তমান সরকার শিক্ষার ক্ষেত্রে জিডিপির মোট ২ শতাংশ বরাদ্দ দিয়েছে: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান শিক্ষাবান্ধব সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক্সট্রা কারিকুলামের (সহশিক্ষা কার্যক্রম) ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে স্কুল পর্যায় থেকে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার ওপরও জোর দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার (২৮ আগস্ট) যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমি ভবনে আয়োজিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভেরোনিকা যমুনা রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাজিদুর রহমান সাগর প্রমুখ।

শিক্ষাক্ষেত্রে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে জিডিপির মোট ২ শতাংশ বরাদ্দ দিয়েছে, যা অতীতে আর কখনো দেওয়া হয়নি। আগামী দিনে শিক্ষায় এই বরাদ্দ আরও বাড়িয়ে পর্যায়ক্রমে ৫ শতাংশে উন্নীত করা হবে। এ ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবে না। যাদের চোখে আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই এবং যাদের হাত ধরে দেশটাকে গড়তে চাই, তারা যেন নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে পারে এবং বিশ্বের অন্য যেকোনো দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থেকে দেশকে ঈর্ষণীয় উচ্চতায় নিয়ে যেতে পারে—আমরা সেভাবেই আমাদের সন্তানদের তৈরি করতে চাই।

এ সময় প্রতিমন্ত্রী বিদ্যালয়টির সাইন্স ও কম্পিউটার ল্যাবের পরিধি বৃদ্ধি এবং লাইব্রেরি সমৃদ্ধ করার ঘোষণা দেন। এছাড়া বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে এই উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181558