শেখ হাসিনার নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্যও আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অন্যান্য পলাতক আসামিদের বিরুদ্ধেও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশে পালিয়ে থাকা আসামিদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম জোরদার করেছে। এর অংশ হিসেবে গত ৬ মে হত্যা মামলার আসামি ও ইন্টারপোলের রেড নোটিশভুক্ত মো. আরিফ সরকারকে সংযুক্ত আরব আমিরাত থেকে এবং ২৭ মে আরেক হত্যা মামলার আসামি মোবারক মণ্ডলকে কাতার থেকে দেশে ফিরিয়ে আনা হয়।

এদিকে ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে ১২ জুন সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করা হয় বলে আবুধাবির ইন্টারপোল এনসিবি থেকে তথ্য পাওয়া যায়। তাকে দেশে ফেরাতে ১৬ জুন কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে। বাংলাদেশের সঙ্গে আমিরাতের প্রত্যর্পণ চুক্তি না থাকায় পারস্পরিকতার নীতিতে সহযোগিতার নিশ্চয়তা চাওয়া হয়েছে। পরে ৪ আগস্ট প্রয়োজনীয় নথিপত্র পাঠানো এবং আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে একটি আইন প্রতিষ্ঠান নিয়োগ করা হয়।

এ ছাড়া মানব পাচার মামলায় ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পলাতক মোল্লা নজরুল ইসলামকে সম্প্রতি লিবিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে দেশে ফেরাতে গত ১৬ মার্চ প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারপোল, বিদেশি আইন প্রয়োগকারী সংস্থা, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে থাকা বাংলাদেশি মিশনগুলোর সঙ্গে সমন্বয় করে অন্যান্য পলাতক অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181523