বগুড়ার মোকামতলায় পাঁচটি পয়েন্টে দীর্ঘদিন ধরে চলছে চোরাকারবারি
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : ঢাকা-রংপুর মহাসড়কের পাশে মোকামতলা উপজেলায় বিভিন্ন পণ্যর চোরাকারবারি চলছে। সড়কের পাশে গড়ে উঠেছে পৃথক পাঁচটি পয়েন্টে গড়ে উঠা পয়েন্টগুলো বিশাল জায়গাজুড়ে টিন দিয়ে ঘিরে নেওয়া হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, পয়েন্টগুলো হচ্ছে-চন্ডিহারায় ১টি, মুরাদপুর ২টি, মাটিরঘর বিহারপুর ১টি ও পাকুরতলা ১টি। প্রতিটি পয়েন্টে অসাধু ব্যবসায়ীরা পেট্রোল, ডিজেল, কেরোসিন, সয়াবিন, সরিষার তেলসহ গম, চাল, ভুট্টা, পেঁয়াজ, রসুন ও রড, সিমেন্ট কিনে নিয়ে থাকেন। খোঁজ নিয়ে জানা যায়, এসব মালামাল বিক্রি করেন মালবাহী মোটরযানের অসাধু চালক ও শ্রমিকরা। সড়কে চলাচলরত বিভিন্ন মালবোঝাই ট্রাক ও তেলবোঝাই গাড়ি থেকে এসব মালামাল বিক্রি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মালবোঝাই ট্রাক ও তেলবাহী গাড়ি পয়েন্টের ঘেরার ভিতর প্রবেশ করে এবং কিছু সময় পর বের হয়ে চলে যায়। আর এই চোরাকারবারি চলে দিনে-রাতে।
একটি পয়েন্টে গাড়ি থেকে তেল পাচারের সময় চালক জাফরকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, চোরাই তেল বিক্রির টাকা তারাই পেয়ে থাকেন।
অপর এক পয়েন্টের দুই শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের পয়েন্ট মালিক কম দামে বিভিন্ন মালামাল কিনে নেন। পরে এসব মালামাল অন্য জায়গায় বিক্রি করা হয়। এভাবে মহাসড়কের পাশে দিনে-রাতে দীর্ঘদিন চোরাকারবারি চলে আসছে ।
শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহিন জানান, এভাবে সড়কের পাশে চোরাকারবারির বিষয়টি তার জানা নেই। তবে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181507