বগুড়ায় বাস চাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় চালক গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ার এরুলিয়ায় বাসচাপা দিয়ে ৭ জন দিনমজুর নিহত ও ১৪ জনকে গুরুতর আহত করার মামলার প্রধান আসামি চালক নেছারুল ইসলামকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ বগুড়ার সদস্যারা তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, গত ৭ আগষ্ট ভোর ৬ টার দিকে শাহ ফতেহ আলী পরিবহনের এসি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-০১৩১) চালক বেপরোয়া গতিতে বাস চালিয়ে বগুড়া এরুলিয়া বাজারে প্রধান সড়কের পাশে প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফুটপাতে অবস্থানরত দিনমজুরদের ওপর তুলে দিয়ে পালিয়ে যায়। এতে ৭ জন নিহত ও ১৪ জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ হতাহতের ঘটনায় বগুড়া সদর থানায় ওই চালককে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
মামলার প্রেক্ষিতে র্যাব-১২ বগুড়ার সদস্যরা আসামিকে গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া এলাকায় গ্রেফতার এড়াতে আসামি মোঃ নেছারুল ইসলাম (৪৫) অবস্থান করছে। পরে ওই তথ্যের ভিত্তিতে গতকাল ভোর সাড়ে ৪ টার দিকে র্যাব-১২,বগুড়ার একটি দল শিবগঞ্জের দৌহপাড়া সৈয়াদপুর গ্রামে রশিদের বাড়িতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি বাস চালক মোঃ নেছারুল ইসলাম (৪৫)কে গ্রেফতার করে। সে বগুড়ার সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে। তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181505