শুভশ্রীর উদ্দেশে দেবের খোলা চিঠি

শুভশ্রীর উদ্দেশে দেবের খোলা চিঠি

করতোয়া বিনোদন : দীর্ঘদিনের সহকর্মী, একসময়কার প্রেমের সম্পর্কের মানুষ এবং এবার একই ছবির সহযাত্রী। দেব ও শুভশ্রী গঙ্গুলির সম্পর্কের সমীকরণ বরাবরই দর্শকদের আগ্রহের কেন্দ্রে। সেই আগ্রহ যেন আরও বাড়িয়ে দিলেন দেবের সাম্প্রতিক এক খোলা চিঠি। ‘দেশু ৭’ ছবির কাজ শেষ হওয়ার পর শুভশ্রীর উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেতা ও নির্মাতা দেব।

চলতি বছর দুর্গাপূজার সময় মুক্তি পেতে যাচ্ছে দেব ও শুভশ্রীর জুটির সপ্তম ছবি ‘দেশু ৭’। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে যখন অপেক্ষা বাড়ছে, তখনই খোলার চিঠিতে শুভশ্রীর উদ্দেশে নিজের অনুভূতি প্রকাশ করেছেন দেব। চিঠিতে উঠে এসেছে দীর্ঘদিনের পরিচয়, পারস্পরিক বিশ্বাস এবং নতুন করে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা।

দেব জানান, প্রথমবার পরিচালক হিসেবে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার সময় তার মধ্যে অনেক অনিশ্চয়তা ছিল। এমনকি দুর্গাপূজার সময় ছবিটি মুক্তি দিতে পারবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছিল সংশয়। সেই কঠিন সময়ে শুভশ্রী তার পাশে দাঁড়িয়েছিলেন। শুধু তাই নয়, চিত্রনাট্য না পড়েই, এমনকি ছবির নাম বা শেষ পর্যন্ত ছবিটি কেমন হবে সেটাও না জেনেই শুভশ্রী এই ছবিতে অভিনয়ের সম্মতি দিয়েছিলেন।

দেবের চোখে, এই কাজের পুরো সময়টিই ছিল বিশেষ এক অভিজ্ঞতা। দীর্ঘদিনের পরিচিত শুভশ্রীকে নতুনভাবে দেখার সুযোগ হয়েছে তার। অভিনেতা হিসেবে শুভশ্রীর পরিণত হওয়ার পাশাপাশি মানুষ হিসেবেও তার পরিবর্তন ও পরিণতিতে মুগ্ধ হয়েছেন দেব। পেশাগত ও ব্যক্তিগত জীবনকে সুন্দরভাবে সামলে নেওয়ার জন্যও শুভশ্রীর প্রশংসা করেছেন তিনি।

চিঠিতে দেব আরও লিখেছেন, তাদের দুজনের পথচলা প্রায় একই সময়ে শুরু হয়েছিল। জীবনের একটি নতুন অধ্যায়ে আবারও একসঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি আনন্দিত। পরিচালক হিসেবে নিজের প্রথম ছবিতে শুভশ্রীর মতো মানুষের বিশ্বাস ও সহযোগিতা পাওয়াকে তিনি বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন।

শুভশ্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেব জানিয়েছেন, তাকে এবং ‘দেশু ৭’-এর ভাবনাকে বিশ্বাস করার জন্য তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন। একই সঙ্গে আগামীর জন্য শুভশ্রীকে শুভকামনাও জানিয়েছেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181461