‎ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

‎ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘গোল্ডেন লাইন পরিবহনে’র একটি বাস একই লেনের একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

নিহতদের মরদেহ হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181452