চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা : পাঁচদিনের রিমান্ডে ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা : পাঁচদিনের রিমান্ডে ডন

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সকালে কারাগার থেকে ডনকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মজিবুর রহমান ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত পাঁচরিমান্ড মঞ্জুর করেন।

সিআইডির দাবি, ডনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। একই সঙ্গে মামলায় জড়িত অন্য সহযোগীদের অবস্থান শনাক্ত ও তাদের গ্রেফতারের বিষয়েও তথ্য পাওয়া যেতে পারে। এছাড়া বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কীভাবে, কেন এবং কার ইন্ধনে বিদেশে পালানোর চেষ্টা করেছিলেন, সে বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানিয়েছে তদন্ত সংস্থা।

ডনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে সালমান শাহ হত্যার বিচার দাবিতে আদালত চত্বরে মানববন্ধন করেন সালমান শাহ ভক্তদের বিভিন্ন পক্ষ। দুটি ব্যানার নিয়ে সকাল থেকে কর্মসূচিতে অংশ নেন তারা। ব্যানারে লেখা ছিল, ‘প্রিয় নায়ক ৩০ বছর ধরে কবরে, তার খুনিরা কেন বাইরে?’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181442