ক্লাবের অনুশীলনে নেই আলভারেজ, গুঞ্জনের পালে হাওয়া

ক্লাবের অনুশীলনে নেই আলভারেজ, গুঞ্জনের পালে হাওয়া

স্পোর্টস ডেস্ক : অ্যাটলেটিকো মাদ্রিদের অনুশীলনে বুধবার দেখা যায়নি হুলিয়ান আলভারেজকে। অসুস্থতার কারণে আর্জেন্টাইন ফরোয়ার্ড অনুশীলনে যোগ দিতে পারেননি বলে জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি। তবে তার অসুস্থতা গুরুতর নয় এবং আগামী লা লিগা ম্যাচে খেলার জন্য তিনি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

গত রোববার ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করা ম্যাচের পর বুধবার আবার অনুশীলনে ফেরে অ্যাটলেটিকো; কিন্তু দলের সঙ্গে ছিলেন না আলভারেজ। মাদ্রিদের মাজাদাহোন্দা স্পোর্টস সেন্টারে দিয়েগো সিমিওনে যখন পরবর্তী ম্যাচের প্রস্তুতি শুরু করেন, তখন অনুপস্থিত ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফরোয়ার্ড। সামনের ম্যাচে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ লিগের শীর্ষে থাকা সেভিয়া। সেই ম্যাচের আগে আলভারেজকে নিয়ে আপাতত বড় কোনো শঙ্কা নেই বলেই মনে করা হচ্ছে। ক্লাবের প্রত্যাশা, ম্যাচটির জন্য তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দায়িত্ব পালনের পর দীর্ঘ বিরতি শেষে রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছিলেন আলভারেজ। ম্যাচের ৬৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। তবে প্রত্যাবর্তনের রাতটি খুব একটা স্বস্তির ছিল না ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য। ম্যাচের সময়ই অসুস্থ বোধ করছিলেন তিনি। এরপর বুধবারের অনুশীলনেও থাকতে পারেননি। শারীরিক অসুস্থতার বিষয়টি একদিকে থাকলেও আলভারেজকে ঘিরে অ্যাটলেটিকোর মাঠের বাইরের পরিস্থিতি আরও জটিল। বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় নিজেদের সমর্থকদেরই বিদ্রুপ ও দুয়োধ্বনি শুনতে হয়েছে তাকে।

আলভারেজকে দলে নেওয়ার জন্য বার্সেলোনা ১০ কোটি ইউরো প্রস্তাব দিয়েছিল। প্রস্তাব অনুযায়ী, জুনের শুরু থেকে ছয় কিস্তিতে অর্থ পরিশোধ করার কথা ছিল। কিন্তু সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে অ্যাটলেটিকো। স্প্যানিশ ক্লাবটি বরং আলভারেজের চুক্তিতে থাকা ৫০ কোটি ইউরোর রিলিজ ক্লজের দিকে ইঙ্গিত করেছে। অর্থাৎ, বার্সেলোনার প্রস্তাবিত ১০ কোটি ইউরো এবং অ্যাটলেটিকোর চাওয়া ৫০ কোটি ইউরোর মধ্যে ব্যবধান বিশাল। এ থেকেই বোঝা যায়, ক্লাবটি আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়তে কতটা অনিচ্ছুক।

আলভারেজের সঙ্গে অ্যাটলেটিকোর বর্তমান চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত। পুরো গ্রীষ্মজুড়েই ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, এই চুক্তি অনুযায়ী তাকে দলেই রাখা হবে। তবে দলবদলের সময়সীমা শেষ হওয়ার আর মাত্র এক সপ্তাহ বাকি থাকায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে শুরু করেছে। আলভারেজকে নিয়ে আর্সেনালের আগ্রহ নতুন করে জেগে উঠেছে, এমনটাই জানিয়েছে সূত্র। ফলে বার্সেলোনার পর ইংলিশ ক্লাবটিও এখন আর্জেন্টাইন তারকাকে নিয়ে অ্যাটলেটিকোর দরজায় কড়া নাড়তে পারে। আলভারেজ নিজেও বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় বিষয়টি আরও আলোচনার জন্ম দিয়েছে। তবে অ্যাটলেটিকোর অবস্থান এখন পর্যন্ত পরিষ্কার-তারা ফরোয়ার্ডকে ছাড়তে চান না। দলবদলের সময়সীমা শেষ হবে ১ সেপ্টেম্বর। ফলে শেষ সপ্তাহে আলভারেজকে ঘিরে পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই নজর থাকবে ফুটবল বিশ্বের।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181441