আজ চ্যাম্পিয়নস লিগের ড্র
স্পোর্টস ডেস্ক : নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগে পর্দা উঠছে নতুন মৌসুমের। বাছাইপর্বের প্লে-অফ শেষ হয়েছে গতকাল রাতে। এবার লিগ পর্বের প্রতিপক্ষ নির্ধারণের পালা। আজ মোনাকোর গ্রিমালদি ফোরামে হবে ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্র। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এই ড্র।
২০২৪-২৫ মৌসুম থেকে ৩৬ দলের নতুন কাঠামোয় অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়নস লিগ। নতুন ব্যবস্থায় প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ফরাসি ক্লাব পিএসজি। এবারও শিরোপা ধরে রেখে হ্যাটট্রিক করার লক্ষ্যে লুইস এনরিকের দল মাঠে নামবে। নতুন কাঠামোয় আগের মতো আলাদা গ্রুপ থাকছে না। লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি ভিন্ন দলের বিপক্ষে। ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হবে প্রতিটি দলের ওই আট প্রতিপক্ষ এবং কোন দলের বিপক্ষে ঘরের মাঠে ও কার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে।
যেভাবে হবে ড্র :
উয়েফার কো-এফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ৩৬ দলকে চারটি পটে ভাগ করা হবে। প্রতিটি দল চারটি পট থেকেই দুটি করে প্রতিপক্ষ পাবে। প্রথমে প্রথম পট থেকে ম্যানুয়ালি একটি দলের নাম লেখা বল তোলা হবে। এরপর বিশেষ সফটওয়্যারের মাধ্যমে মুহূর্তেই নির্ধারণ করা হবে ওই দলের আট প্রতিপক্ষ। একই সঙ্গে কোন ম্যাচটি ঘরের মাঠে এবং কোনটি অ্যাওয়ে হবে, সেটিও সফটওয়্যার ঠিক করবে। এভাবে প্রথম পটের দলগুলোর প্রতিপক্ষ নির্ধারণের পর দ্বিতীয় পটের দলগুলোর ড্র হবে। এরপর তৃতীয় ও সবশেষে চতুর্থ পটের দলগুলোর প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। ড্রয়ের ক্ষেত্রে একই দেশের দুটি ক্লাব একে অপরের বিপক্ষে খেলতে পারবে না। এছাড়া কোনো দল একই দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলতে পারবে।
সরাসরি লিগ পর্বে ২৯ দল:
ঘরোয়া লিগে পারফরম্যান্সের ভিত্তিতে ২৯টি দল সরাসরি লিগ পর্বে জায়গা পেয়েছে। বাকি সাতটি দল এসেছে বাছাইপর্ব থেকে। ইংল্যান্ড থেকে সরাসরি খেলবে-আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা ও লিভারপুল। স্পেনের-বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল বেতিসও সরাসরি লিগ পর্বে জায়গা পেয়েছে। ইতালি থেকে-ইন্টার মিলান, নাপোলি, রোমা ও কোমো এবং জার্মানি থেকে-বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লাইপজিগ ও স্টুটগার্ট খেলবে। ফ্রান্সের-পিএসজি, লাঁস ও লিল; পর্তুগালের-পোর্তো ও স্পোর্তিং সিপি; নেদারল্যান্ডসের-পিএসভি ও ফেইনুর্ড; বেলজিয়ামের-ব্রুগা, তুরস্কের-গালাতাসারাই, ইউক্রেনের-শাখতার এবং চেক প্রজাতন্ত্রের-স্লাভিয়া প্রাগও সরাসরি জায়গা পেয়েছে।
প্লে-অফ থেকে আসা সাত দল :
প্লে-অফ থেকে লিগ পর্বে জায়গা পেয়েছে-সাবাহ (আজারবাইজান), বোদো/গ্লিমট (নরওয়ে), লাস্ক (অস্ট্রিয়া), এইকে এথেন্স (গ্রিস) অথবা লেভস্কি সোফিয়া (বুলগেরিয়া), ভাইকিং (নরওয়ে) অথবা দিনামো জাগরেব (ক্রোয়েশিয়া), সেলিয়ে (স্লোভেনিয়া) অথবা স্লোভান ব্রাতিস্লাভা (স্লোভাকিয়া) এবং লিওঁ (ফ্রান্স) অথবা ফেনেরবাচে (তুরস্ক)।
কো-এফিশিয়েন্টের ভিত্তিতে কোন দল কোন পটে থাকবে, সেটিও আজ দুপুরে নির্ধারিত হবে। এরপর রাতের ড্রতেই জানা যাবে নতুন মৌসুমে ইউরোপের বড় দলগুলোর আট প্রতিপক্ষ কারা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181433