জাতীয় কবির সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

জাতীয় কবির সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

ঢাবি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি। কবি নজরুলের সাম্য, মানবতা, সম্প্রীতি ও দেশপ্রেমের আদর্শকে ধারণ করে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ই হোক তাঁর প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি।”

তিনি বলেন, নজরুলের সাহিত্য ও কর্ম বাঙালির চেতনা, অসাম্প্রদায়িকতা, মানবিকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অনুপ্রেরণা জোগায়। তাঁর আদর্শকে ধারণ করে সমাজে সাম্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা জাতীয় কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181420