ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার সময় বৈদ্যুতিক মেশিনে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্টে এক দম্পতির মৃত্যু হয়েছে। মৃতরা হলেন মাধবপুর গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) এবং তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)।

বুধবার সকালে শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

​স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে অমরেন্দ্র নাথ নিজ বাড়ির গোয়ালঘরে গবাদিপশুর খাবার প্রস্তুতির জন্য বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটতে যান। কাজের একপর্যায়ে তিনি দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে ছটফট করতে দেখে স্ত্রী মিনা রানী ভৌমিক দ্রুত তাকে বাঁচাতে এগিয়ে যান।

কিন্তু কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা না থাকায় তিনিও ঘটনাস্থলে বিদ্যুতায়িত হন।

 

​পরবর্তীতে প্রতিবেশীরা টের পেয়ে তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন। চিকিৎসার জন্য দুজনকে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. আসাদুজ্জামান জোহা।

তিনি জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। মূলত অতিরিক্ত বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে।

একসঙ্গে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুর ঘটনায় মাধবপুর গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181406