বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। তিনি নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি বলে জানা গেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ-মুরাদপুর আঞ্চলিক সড়কের নুন্দহ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রবিউল নুন্দহ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

র‌্যাবের এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, শাজাহানপুর উপজেলার মাঝিরা বাসস্ট্যান্ড থেকে সিএনজিযোগে এক ব্যক্তি ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন। পরে নুন্দহ-মুরাদপুর সড়কের নুন্দহ এলাকায় চেকপোস্ট বসায় র‌্যাব।

রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে একটি নম্বরবিহীন সিএনজি চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। সিএনজির একমাত্র যাত্রী রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের পর তার পরিহিত জিন্স প্যান্টের পকেট তল্লাশি করে ছয়টি পলিথিনের ব্যাগে থাকা ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকাও জব্দ করা হয়।

নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, ‘আমরা উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারীদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করতে সহযোগিতা করেছি। আমরা মাদকমুক্ত নন্দীগ্রাম চাই। দল কোনো ব্যক্তির অপরাধের দায় নেবে না। অভিযোগের বিষয়টি জানার পর ইতোমধ্যে তাকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, র‌্যাবের দেওয়া এজাহারের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে নন্দীগ্রাম থানা থেকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181381