১৭ বছর আগের হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন

১৭ বছর আগের হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন

প্রায় ১৭ বছর পর মানিকগঞ্জের সাটুরিয়ায় আব্দুল মজিদ হিরন হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। এ মামলায় আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাছিম বিল্ল্যাহ এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পিপি বুলবুল আহমেদ গোলাপ।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মর্জিনা, ফালানী, মিজান খান, রুস্তম খান, সবুজ আহমেদ, সেলিম মিয়া, আনিস ও রফিক।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৭ অক্টোবর রাতে সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ হিরন এশার নামাজ ও রাতের খাবার শেষে বাড়ি থেকে বের হন। এরপর তিনি নিখোঁজ হন। পরদিন ধলেশ্বরী নদীর পশ্চিম পাড়ের একটি মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মামলা করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন এবং বিভিন্ন নথি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আট আসামিকে দোষী সাব্যস্ত করেন।

এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া বিচার চলাকালে দুই আসামির মৃত্যু হয়েছে। প্রায় ১৭ বছর পর রায় ঘোষণার মধ্য দিয়ে মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষ হলো।

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181344