বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া তিনজনকে মহাসড়ক থেকে উদ্ধার

বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া তিনজনকে মহাসড়ক থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় অজ্ঞান পার্টির কবলে পড়া তিন দিনমজুরকে বগুড়া মহানগরের তেলিপুকুর এলাকা থেকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার দিনগত রাত সোয়া তিনটার দিকে টহল পুলিশ মহানগরের তেলিপুকুর এলাকায় মহাসড়কের পাশ থেকে তাদেরকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে  দেয়। হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাদের জ্ঞান ফিরেছে। তারা ঢাকা থেকে বাসে করে বাড়ি ফেরার পথে অজ্ঞানপার্টির কবলে পড়েছিলেন।

অজ্ঞানপার্টির কবলে পাড়া ব্যক্তিরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মালিচাপড় গ্রামের মোস্তাকিম (৩০), আজিজুল ইসলাম এবং একই উপজেলার মালাধর গ্রামের সুজ্জল প্রধান (৪০)।

বনানী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লাল মিয়া বলেন, ওই তিনজনই ঢাকায় দিনমজুরের কাজ করেন। কাজ শেষে একটি বাসে করে তারা বাড়ি ফিরছিলেন। বাসের মধ্যেই অজ্ঞান পার্টির সদস্যরা তাদের অচেতন করে সাথে থাকা টাকা হাতিয়ে নেয়।

পরে বাসের হেলপার ও সুপারভাইজার তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি তেলিপুকুর এলাকায় মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। পরে তাদেরকে উদ্ধার ওই হাসপাতালে ভর্তি করে দেয়া হয়।

বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী জানান, ওই তিন দিনমজুর ঢাকায় কাজ করে উপার্জন করা টাকা খুঁইয়েছেন। এরপর তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তিনজনেরই জ্ঞান ফিরেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181341