গাইবান্ধার সাদুল্লাপুরে ৭২ বস্তা সার জব্দ ৩০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুরে ৭২ বস্তা সার জব্দ ৩০ হাজার টাকা জরিমানা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুরে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান শাহীন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ৭২ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার উত্তর মন্দুয়ার এলাকার ওই বাড়িতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন। অভিযুক্ত শাহীন সরকার (৬০) উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উত্তর মন্দুয়ার গ্রামের মৃত বদিউজ্জামান সরকারের ছেলে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযানকালে অবৈধভাবে মজুত রাখা এসব সার জব্দ করা হয়। জব্দকৃত সারের মধ্যে ইউরিয়া ১৩ বস্তা, জিপসাম ২৮ বস্তা, ডিএপি ১৬ বস্তা, টিএসপি ১৩ বস্তা ও পটাশ সার ২ বস্তা রয়েছে। যার বাজারমূল্য মোট প্রায় ৫৬ হাজার ৭শ’ টাকা।

কৃষকদের দাবি, সারের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে নিয়মিতভাবে বাজার ও গুদামে অভিযান পরিচালনা অব্যাহত রাখা প্রয়োজন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কেউ অবৈধভাবে মজুত বা বেশি দামে বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181328