চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী তরুণের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক আদিবাসী তরুণের মৃত্যু হয়েছে। তিনি নেজামপুর ইউনিয়নের মালিয়াখোর মাসনাপাড়া গ্রামের বাজুন হাসদার ছেলে।
পুলিশ জানায়, গতকাল সোমবার বেলা সোয়া ১১টার দিকে নেজামপুর ইউনিয়নে আমনুরা-নাচোল সড়কের পাশে লক্ষীপুর মানিকড়া (রোডপাড়া) গ্রামে একটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেবার কাজ করছিল পল্লী বিদ্যুতের চারজন টেকনিশিয়ান। যে পোল থেকে সংযোগ দেয়া হচ্ছিল সেই পোল একটি বাঁশঝাড়ের মধ্যে থাকায় বাঁশ কেটে সংযোগ দেবার কাজ চলছিল।
বাঁশ কাটার জন্য স্থানীয় তরুণ সোহেলকে কাজে লাগায় পল্লী বিদ্যুৎকর্মীরা। এসময় বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সংস্পর্শে একটি বাঁশ বিদ্যুতায়িত হলে সেটির স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সোহেল।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181312