যশোরে পাচঁ বছর পর কাকন হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
যশোরে ২০২১ সালে সংঘটিত আব্দুর রহমান কাকন হত্যা মামলার পলাতক আসামি মো. সানিকে (২৬) প্রায় পাঁচ বছর পর গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার উপশহর শফিউল্লাহ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৭ নভেম্বর বিকেলে ব্যবসার কাজে বাসা থেকে বের হন কাকন (৩৫)। ওইদিন রাতে পূর্ব বারান্দী মোল্যাপাড়া কবরস্থানসংলগ্ন একটি চায়ের দোকানে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে মারধর ও ছুরিকাঘাত করে।
এ ঘটনায় কাকনের মা সুফিয়া বেগম বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা মামলা করেন। মামলায় গ্রেফতার শরিফুল ইসলাম জিতু আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডে সানিসহ কয়েকজনের সম্পৃক্ততার কথা জানান। এরপর থেকে সানি আত্মগোপনে ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক সেলিম রেজা জানান, মঙ্গলবার দুপুরে সানিকে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।