ব্রাজিল খেলে গেলেই দেশের ফুটবল রাতারাতি বদলে যাবে না : ক্রীড়া প্রতিমন্ত্রী
স্পোর্টস ডেস্ক : ব্রাজিল ফুটবল দলের বাংলাদেশে আসা কিংবা জাতীয় দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার আলোচনা এখনও একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, ব্রাজিলের মতো দল বাংলাদেশে এসে খেলে গেলেই দেশের ফুটবলের সার্বিক চিত্রে রাতারাতি কোনো পরিবর্তন আসবে না।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে একটি বক্সিং কোচিং কোর্স অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ সব কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার ম্যাচ আয়োজনের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। তবে ম্যাচের খরচ এবং আনুষাঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে এখনো খোলামেলা আলোচনা হয়নি। আলোচনা এগোলে আমরা এটি বাস্তবায়নের জন্য চেষ্টা করব।’
বাংলাদেশে ব্রাজিল দলের কোটি কোটি সমর্থক রয়েছে এবং এমন একটি ম্যাচ আয়োজন করা সম্ভব হলে সমর্থকদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে—এ কথা স্বীকার করলেও ম্যাচটির সুফল নিয়ে সংশয় প্রকাশ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, ‘বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে বাংলাদেশ ফুটবল কতটুকু আগাবে এ নিয়ে খুব বেশি আশাবাদী না। বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে খেললে আশা বা স্বপ্নপূরণ হবে। বিশ্বকাপে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার যেমন বিপুল সমর্থন সেখান থেকে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে সমর্থকদের ইচ্ছে পূরণ হবে কিন্তু বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের পর যে ফুটবলে পরিবর্তন আসবে এই বিষয়ের সঙ্গে আমি একমত না।’
অতীতে ২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার প্রীতি ম্যাচের কথা স্মরণ করে তিনি বলেন, ‘২০১১ সালের সেই ম্যাচের ঋণের বোঝা বাফুফেকে দীর্ঘ সময় ধরে বইতে হয়েছে।’ এত বড় বাজেটের ম্যাচ আয়োজনের চেয়ে দেশের ফুটবলের আসল উন্নয়ন বেশি জরুরি বলে মনে করেন তিনি।
দেশের ফুটবলের অবকাঠামোগত সমস্যা ও পাইপলাইন তৈরির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘আমাদের ফুটবলে নানা অবকাঠামোগত সমস্যা রয়েছে। বাফুফে কাজ করছে, সরকারও তাদের সহযোগিতা করছে। নতুন কুঁড়ির মাধ্যমে ফুটবলসহ অন্যান্য খেলাতেও প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।’
তবে সব সীমাবদ্ধতার মাঝেও যদি ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের এই ম্যাচটি আয়োজন করা যায়, তাহলে সেটি নতুন মাইলফলক হবে বলে মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181265