রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে মো. ইউনুস আলীকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৪ আগস্ট) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী মো. ইউনুস আলীকে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার পিতার নাম মো. তৈয়ব আলী এবং মাতার নাম মোছা. আফলাতুন। তার স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী (জাফরটলী) গ্রামে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি যতদিন এ পদে দায়িত্ব পালন করবেন অথবা মো. ইউনুস আলীকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য পদে মোহাম্মদ মুজিবুর রহমানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৫-এর (২) অনুযায়ী গ্রেড-২ পদমর্যাদায় তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে আরেক প্রজ্ঞাপনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকিকে অতিরিক্ত সচিব (সংযুক্ত) পদে বদলি ও পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তার এ বদলি ও পদায়নের আদেশও অবিলম্বে কার্যকর হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181225