ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছে : নেতানিয়াহু

ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছে : নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্কনির্বাচনের ডামাডোলের মাঝে এক নতুন তথ্য সামনে আনলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান। তবে ঠিক কখন বা কীভাবে এই হামলার চেষ্টা করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সোমবার ইসরায়েলের চ্যানেল ফোর্টিনে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। আগামী নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটকে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ‘শিন বেট’ নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এমন আলোচনার মাঝেই তিনি নিজের পরিবারের ওপর হামলার এই প্রসঙ্গ টানেন।

নেতানিয়াহুর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে ঠিক কোন ছেলে—ইয়াঈর নাকি আবনের এই হামলার লক্ষ্য ছিলেন, তা তিনি স্পষ্ট করেননি।

নেতানিয়াহু বলেন, ইরান আমার এক ছেলেকে লক্ষ্যবস্তু করেছে। তাই আমার পরিবার যে নিরাপত্তা পাচ্ছে, তা কোনো বিলাসিতা নয়। এই প্রোটোকল না থাকলে তারা হয়তো সফল হয়ে যেত। বিশেষ করে নির্বাচনের সময় মানুষের সংযত হওয়া প্রয়োজন। উল্লেখ্য, নির্বাচনে হারলেও তার স্ত্রী ও সন্তানেরা পাঁচ বছর শিন বেটের নিরাপত্তা পাবেন বলে একটি চুক্তি রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন নেতানিয়াহু। তার বড় ছেলে ইয়াঈর ২০২৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে থাকছেন। করদাতাদের টাকায় সেখানে তার নিরাপত্তা দেওয়া নিয়ে সমালোচনা রয়েছে। অন্যদিকে ছোট ছেলে আবনের দেশেই থাকেন।

তবে প্রতিদ্বন্দ্বী আইজেনকোটের নিরাপত্তার বিষয়ে নেতানিয়াহু জানান, তিনি শিন বেট প্রধানের সঙ্গে কথা বলেছেন এবং যেকোনো প্রধানমন্ত্রী পদপ্রার্থীকেই যথাযথ নিরাপত্তা দেওয়ার অনুরোধ করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181222