নাটোরের লালপুরে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। আজ সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার জোতগৌরী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার জোতগৌরী গ্রামের মো. সোহেল রানা (১৯) ও মোঃ রাজীব আলী (২৭)। থানা পুলিশ জানায়, একটি চক্র দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাক করে ও নারী কন্ঠে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন জেলার মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিলো।
আজ সোমবার (২৪ আগস্ট) লালপুর থানা পুলিশের একটি দল জোতগৌরী গ্রামে অভিযান চালিয়ে চক্রের দুজন সদস্যকে গ্রেফতার করে। লালপুর থানার (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181217