বগুড়ার ধুনটে প্রাথমিকের পরীক্ষার্থীদের কাছ থেকে ফি আদায়

বগুড়ার ধুনটে প্রাথমিকের পরীক্ষার্থীদের কাছ থেকে ফি আদায়

ধুনট (বগুড়া) প্রতিনিধি : সরকারি নিয়ম ভেঙে বগুড়ার ধুনটের চালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধ ভাবে পরীক্ষার ফি আদায়ের অভিযোগ উঠেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার চালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১২ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণিতে ৫০, দ্বিতীয় শ্রেণিতে ৫৫, তৃতীয় শ্রেণিতে ৫১, চতুর্থ শ্রেণিতে ৫৮ এবং পঞ্চম শ্রেণিতে ৫৩ জন এবং প্রাক প্রাথমিক শ্রেণিতে ৩০ জন শিক্ষার্থী রয়েছে।

উপজেলার ২০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের গত ১৭ আগস্ট থেকে একযোগে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে শ্রেণিভেদে ৩০ থেকে ৬০ টাকা করে অবৈধভাবে পরীক্ষার ফি আদায় করা হয়েছে।

সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে পরীক্ষার ফি দেওয়ার তথ্য পাওয়া যায়। প্রথম শ্রেণির শিক্ষার্থী আবিদ ও আরশি জানায়, তারা প্রত্যেকে ৩০ টাকা করে দিয়েছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, তাদের কাছ থেকেও ৬০ টাকা করে নেওয়া হয়েছে।

কয়েকজন অভিভাবকও সন্তানদের পরীক্ষার ফি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিভাবকরা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার নামে ফি নেওয়ার নিয়ম না থাকলেও তাদের সন্তানদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা খাতুন বলেন, বিদ্যালয়ে আর্থিক সংকটের কারণে শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি আদায় করা হয়েছে।

ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইয়্যেদা জাহান বানু বলেন, পরীক্ষার ফি আদায় করার কোন বিধান নেই। তারপরও এ ধরনের কাজ করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181192