বগুড়ায় কাবিননামা জালিয়াতি মামলায় কাজী খলিলুরের জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : বিয়ের মোহরানা পরিশোধ দেখিয়ে প্রতারণা জালিয়তিমূলে বিয়ের কাবিননামা সৃষ্টির অভিযোগ এনে দায়েরকৃত মামলায় বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন কাজী অফিসের কাজী খলিলুর রহমানের জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে।
তিনি গাবতলী উপজেলার ধনঞ্জয় গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। আজ সোমবার (২৪ আগস্ট) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার হাজতি ওই আসামির জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গাবতলী উপজেলার স্বর্ধনকুটি আটাপাড়ার আসিফ ইকবালের দায়রকৃত মামলার অভিযোগে উল্লেখ করা হয়, তার মেয়ে সামিয়া খাতুনের সাথে নস্কুরীপাড়ার মৃত উজ্জল মন্ডলের ছেলে মালেয়েশিয়া প্রবাসী রায়হান মন্ডলের ২ লাখ টাকা দেন মোহরানায় নগদ নাকফুল ২ হাজার টাকা পরিশোধে বিগত ২০২৪ সালের ২৮ এপ্রিল মোবাইল ফোনে ভিডিও কলে বিয়ে হয়।
বিয়ের পর কাবিননামার নকল চাইলে মেয়ের বাবাকে জানানো হয়, বর দেশে এসে কাবিনে সই করলে নকল দেওয়া হবে। এরপরে রায়হান ওই বছরের ২৬ সেপ্টেম্বর ৪ মাসের ছুটিতে দেশে ফিরে ওই মেয়ের সাথে সংসার করার পর ছুটি শেষে পুনরায় মালয়েশিয়াতে চলে যান।
পরে রায়হান তার স্ত্রীকে তালাক প্রদান করেন। ওই তালকের নোটিশ পাওয়ার মেয়ের বাবা বিয়ের কাবিননামার নকল কাজী অফিস থেকে তুলে জানতে পারেন, ওই কাজী অফিসে পরস্পর যোগসাজসে প্রতারণা জালিয়াতিমূলে ভুয়া কাবিননামা সৃষ্টি করে মোহরানা পরিশোধ দেখানো হয়েছে। পরে মেয়ের বাবা কাজী এবং রায়হানসহ পাঁচজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি এড. রফিকুল ইসলাম (১) ও এড. শেখ রেজাউর রহমান মিন্টু।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181190