কৃষকদের কাছ থেকে সারের দাম বেশি নিলে ব্যবস্থা নেয়া হবে : এমপি মহিত তালুকদার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, চলতি রোপা আমন মৌসুমে কৃষকদের নিকট নির্বিঘ্নে সার বিক্রি নিশ্চিত করতে হবে। কোন ডিলার বা খুচরা বিক্রেতা সারের দাম বেশি নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এছাড়াও সরকারি বিধিমোতাবেক প্রতিটি দোকানে সারের সরকারি মূল্য ও মজুত তালিকা ঝুলিয়ে রাখার পরামর্শ দেন। তিনি আজ সোমবার (২৪ আগস্ট) বিকেলে আদমদীঘি উপজেলা সভাকক্ষে কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার সার ডিলারদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: বেনজীর আহমেদ, সার ডিলার রাশেদুল ইসলাম, তানজিদ আহমেদ, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, মহিউদ্দিন তালুকদার, নাজিম উদ্দিন প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181187