কক্সবাজারে ৪ লাখ ইয়াবা ও ৫ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
কক্সবাজারে পৃথক অভিযানে ৪ লাখ ইয়াবা ও ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি ও কোস্ট গার্ড। এ সময় এক মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। এছাড়া ৫ হাজার ইয়াবাসহ আরও এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।
বিজিবি সূত্র জানায়, রবিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ফাঁকা গুলি ছোড়ে বিজিবি।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি বস্তা থেকে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ৪০ কাটে ৪ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও সেখানে আর কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
বিজিবি অধিনায়ক জানান, উদ্ধার হওয়া ইয়াবার চালানের সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের একটি বড় চালান শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীর গোলারচর হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে সোমবার ভোর ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান চালান।
অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ঝাউবনের মধ্যে পলিথিনে মোড়ানো একটি পুটলি ফেলে পালিয়ে যায়। পরে সেটি তল্লাশি করে চায়ের প্যাকেটের ভেতরে অভিনব কায়দায় মোড়ানো ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, চালানটির সঙ্গে জড়িত মাদক কারবারি ও সহযোগীদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, টেকনাফ থানার কেরুনতলী এলাকায় রবিবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সন্দেহজনক একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
উদ্ধার হওয়া মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181117