ইরানি মুদ্রার রেকর্ড পতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

ইরানি মুদ্রার রেকর্ড পতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের মুদ্রা রিয়ালের দর গতকাল রবিবার খোলাবাজারে নতুন রেকর্ড পরিমাণ কমেছে। তেহরানের মুক্তবাজারে এক মার্কিন ডলারের দাম প্রথমবারের মতো ২০ লাখ রিয়াল ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা এবং ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক আলোচনা থমকে যাওয়ার মধ্যে রিয়ালের এই বড় দরপতন হলো।

মুদ্রার দামের ওপর নজর রাখা বিভিন্ন চ্যানেলের তথ্য অনুযায়ী, তেহরানের মুক্তবাজারে এক ডলারের দাম ২ লাখ তুমানের বেশি হয়েছে। এক তুমান সমান ১০ রিয়াল। অর্থাৎ এক ডলারের দাম ২০ লাখ রিয়ালের ওপরে উঠেছে। সংবাদ সংস্থা শাফাকও রিয়ালের এই রেকর্ড দরপতনের খবর জানিয়েছে। আঞ্চলিক সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত বাজারদর অনুযায়ী, আগের সপ্তাহের শুরুতে এক ডলারের দাম ছিল প্রায় ১৮ লাখ ৬৫ হাজার রিয়াল। অর্থাৎ এক সপ্তাহেরও কম সময়ে ডলারের দাম রিয়ালের বিপরীতে ৭ শতাংশের বেশি বেড়েছে।

রিয়ালের এই দরপতনের পেছনে বিদেশি মুদ্রার বাড়তি চাহিদার পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরো অর্থনৈতিক চাপের আশঙ্কাও কাজ করছে। ইরানের তেল রপ্তানি, বৈদেশিক মুদ্রার মজুদ ব্যবহার এবং আন্তর্জাতিক আর্থিক লেনদেন নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বাজারে চাপ তৈরি হয়েছে। ইরানের মুক্তবাজারের মুদ্রার দর খুব গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হয়। কারণ দেশটির সরকারি মুদ্রাবাজারগুলো সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। ফলে এসব বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ যে দামে ডলার কিনছেন, তা সব সময় প্রকৃত চাহিদা ও বাজার পরিস্থিতির পুরো চিত্র তুলে ধরে না। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্কে কোনো পরিবর্তন আসে কি না, সেটিও রিয়ালের দামের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিশ্বাসযোগ্য কোনো পথ তৈরি না হলে বা ইরানে বৈদেশিক মুদ্রার প্রবাহ উল্লেখযোগ্যভাবে না বাড়লে রিয়ালের আরো দরপতনের ঝুঁকি থাকবে। এখন মূল নজর আজকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞার ঘোষণা এবং এর জবাবে ইরান কী পদক্ষেপ নেয়, সেদিকে। খবর : রয়টার্স 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181111