পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: সাচিং প্রু জেরী
পাহাড়ে শান্তি, সম্প্রীতি, সংহতি ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে সরকার, রাজনৈতিক দল, আঞ্চলিক সংগঠন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।
আজ রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার অফিস করে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বৃহত্তর পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা কোনো ব্যক্তি, দল বা একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। পাহাড়ে বসবাসকারী সব জাতিসত্তা, জাতীয় ও আঞ্চলিক রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি, বিভিন্ন সংগঠন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।
রাষ্ট্রের কাঠামো, সার্বভৌমত্ব, সংবিধান ও জাতীয় পতাকাকে সামনে রেখে সম্মিলিত প্রক্রিয়ায় কাজ করার ওপর গুরুত্ব দিয়ে সাচিং প্রু জেরী বলেন, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
পার্বত্য চট্টগ্রামের দায়িত্বকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী বলেন, বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই দীর্ঘস্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।
সাচিং প্রু জেরী বলেন, প্রধানমন্ত্রী যে ভিশন নিয়ে দেশ পরিচালনা করছেন, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে একজন কর্মী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে ভূমিকা রাখতে চাই।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180998