সাংবাদিক ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয় : তথ্যমন্ত্রী পার্থ
সাংবাদিক ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
আজ রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার অফিস করে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পার্থ বলেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। সরকারের কাজের ভালো দিকগুলো জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি সরকারের ভুল-ত্রুটি, অনিয়ম ও ব্যর্থতাও গণমাধ্যম স্বাধীনভাবে তুলে ধরবে—এটাই স্বাভাবিক।
তিনি বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়; প্রয়োজনীয় ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা। কোনোভাবেই যেন নিয়ন্ত্রণের পথে যাওয়া না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, সরকারের ভালো কাজগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক আরও শক্তিশালী করতে হবে। দেশের সংস্কৃতি, মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনাকেও গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশের ইতিহাসের একটি কঠিন সময়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, “কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হতে পারে। তবে নৈতিকতার জায়গায় সরকার শক্ত অবস্থানে রয়েছে।” প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের সেবা ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপরও জোর দেন তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180996