রংপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রংপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

 মফস্বল ডেস্ক : রংপুরে তালাবদ্ধ নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তার স্ত্রী ও দুই ছেলেমেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার ২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঘরের ভেতর তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। 

নিহতরা হলেন- রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৮) ও ছেলে আয়ুশ চক্রবর্তী (১৪)। পরিবারটি ওই ভবনের দ্বিতীয় তলায় বসবাস করত।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, পারিপার্শ্বিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে এই হত্যার ঘটনা ঘটেছে। ভবনটি বর্তমানে সিআইডি ও মহানগর পুলিশ ঘিরে রেখে আইনগত ব্যবস্থা ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

রংপুর সিআইডির দায়িত্বরত কর্মকর্তা (ইনচার্জ) সুমিত চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে রাতে সাংবাদিকদের বলেন, ‘আমরা যা দেখলাম, তাতে মনে হচ্ছে ডাকাতির ঘটনা। মনে হচ্ছে ৩-৪ দিন আগের ঘটনা। বাসার বৈদ্যুতিক সংযোগ ছিল বিচ্ছিন্ন। টাকাপয়সা যেখানে থাকে, সবকিছু ভেঙে ফেলা হয়েছে। গলায় রশি কিংবা গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180989