নওগাঁয় শিক্ষার্থীদের এইচআইভি পজেটিভের তথ্য ভিত্তিহীন
নওগাঁ প্রতিনিধি: সম্প্রতি দেশের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সংসদ সদস্য মো: ফজলে হুদা বাবুল দাবি করেন, তার নির্বাচনি এলাকার একটি মাদ্রাসার ১২ জন শিক্ষার্থী এইচআইভি রোগে আক্রান্ত। তিনি আরও জানান, তার নির্বাচনি এলাকার এক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপদেষ্টা হওয়ায় তিনি স্বাস্থ্য বিভাগের অনেক কিছুই জানেন।
যখন তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার কাছে এইচআইভি পজেটিভ রোগীদের সম্পর্কে জানতে চাইলেন তখন সেই কর্মকর্তা এমপিকে জানান, ওই ১২জন শিক্ষার্থী তার নির্বাচনি এলাকার কোন এক মাদ্রাসার ছাত্র এবং তারা ১২জনই ছাত্রাবাসে থাকে। এমন তথ্যের সত্যতা সম্পর্কে নওগাঁর সিভিল সার্জন ডা: আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি তথ্যটিকে পুরোপুরি অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেন।
সিভিল সার্জন ডা: মো: আমিনুল ইসলাম জানান, ১২ জন শিক্ষার্থী এইচআইভি আক্রান্ত হওয়ার কোন তথ্য তাদের কাছে এখন পর্যন্ত নেই। জেলায় এইচআইভি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র ২ জন। ২০২৫ সালে জেলায় এ দুইজন রোগী এইচআইভি পজেটিভ হয়।
তারা বর্তমানে সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন এবং ভালো আছেন। পরবর্তী সময়ে কেউ নতুন করে এইচআইভিতে আক্রান্ত হয়নি। তিনি আরও জানান নওগাঁর কোন একটি মাদ্রাসার ১২জন শিক্ষার্থীর এইচআইভি পজেটিভ হওয়ার যে কথা নওগাঁ-৩ আসনের এমপি বলেছেন তা ভিত্তিহীন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180977