মাস্টার্সেও ফার্স্ট ক্লাশ ফার্স্ট জুঁই
করতোয়া ডেস্ক ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের শিল্পীদের মধ্যে ফোক গানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ইসরাত জাহান জুঁই। সাধারনত শিল্পীরা স্টেজ শো’তেই বেশি ব্যস্ত থাকতে ভালোবাসেন। কিন্তু এই ক্ষেত্রে জুঁই একটু আলাদা। তিনি বছরজুড়ে স্টেজ শো’তে ব্যস্ত থাকার পাশাপাশি নিয়মিত নিজের মৌলিক গান যেমন প্রকাশ করেন। আবার নিজের পড়াশুনাটাও ঠিকঠাক মতো চালিয়ে যান। ২০১৬ সালে জুঁই মরজাল গার্লস হাইস্কুল থেকে এসএসসি, ২০১৮ সালে বারৈচা অনার্স কলেজ থেকে এইচএসসি এবং ঢাকার সঙ্গীত কলেজ থেকে মিউজিকে (বিষয় : লোক সঙ্গীত, চার বছরের কোর্স) অনার্স সম্পন্ন করেন ফার্স্ট ক্লাশ ফার্স্ট হওয়ার মধ্যদিয়ে।
এরইমধ্যে তিনি একই কলেজ থেকে মাস্টার্স (এক বছরের কোর্স, বিষয় : লোক সঙ্গীত) সম্পন্ন করেছেন। দু’দিন আগেই জুঁইয়ের মাস্টার্সেও ফল প্রকাশিত হয়েছে। মিউজিক কলেজের ভাষায় এটাকে বলা হয়ে থাকে এম মিউজিক। এম মিউজিকে ৪-এর মধ্যে জুঁই ৩.৭০ সিজিপিএ পেয়ে সর্বোচ্চ স্কোরার হয়েছেন অর্থাৎ ফলাফলে তিনি কলেজের সকল বিভাগের মধ্যে সর্বোচ্চ স্কোর পেয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট হয়েছেন।
জুঁই বলেন,‘ যদি ও এর আগে আমি অনেকবার ফার্স্ট ক্লাস পেয়েছি কিন্তু এবারের অনুভূতিটা অন্যরকম। কারণ এবারের জার্নিটা আমার জন্য এতটা সহজ ছিল না। অনেক ঝড় ঝাপটার মধ্য দিয়ে আমার মাস্টার্সের জার্নিটা কমপ্লিট হলো। প্রথমেই আমি কৃতজ্ঞতা মহান আল্লাহ তায়আলার প্রতি এরপর আমার বাবা-মা ,আমার পরিবার এবং আমার শিক্ষক মন্ডলীর কাছে তাদের সাপোর্ট ছাড়া কোনভাবেই আমারে জার্নি টা কমপ্লিট হতো না। সবার দোয়া ভালোবাসা ছাড়া কোনভাবেই আমার এই সফলতা অর্জন করা সম্ভব ছিল না। আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার ডিপার্টমেন্টের কমল খালিদ স্যার এবং ইউনুস স্যারের ও সাইমা লিজা ম্যামের প্রতি। আর বিশেষ করে যে দ’ুজন মানুষকে ধন্যবাদ না জানালেই নয় ,আমার ডিপার্টমেন্টের সুরাইযা এবং রুমা তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। নতুন যাত্রার পথে এগিয়ে যাচ্ছি, কিন্তু শিকড়টা রেখে যাচ্ছি মিউজিক কলেজেই। খুউব মিস করবো এই কলেজকে।’
এরইমধ্যে জুুঁই জানালেন, দুই সপ্তাহ আগেই তার নিজের ইউটিউব চ্যানেল ‘ইসরাত জাহান জুঁই’তে নতুন একটি গান প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘মনের ভেতর থাইকো তুমি’। গানটি লিখেছেন ও সুর করেছেন এবি বাবু।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180971