ফিফা আসিয়ান কাপে ভারতের বদলে খেলবে বাংলাদেশ, ফিফার অনুমোদন

ফিফা আসিয়ান কাপে ভারতের বদলে খেলবে বাংলাদেশ, ফিফার অনুমোদন
স্পোর্টস ডেস্ক :  শেষ মুহূর্তে পাওয়া সুযোগটা আর হাতছাড়া হচ্ছে না বাংলাদেশের। ভারতের জায়গায় ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আসিয়ান কাপে বাংলাদেশকে অংশগ্রহণের অনুমোদন দিয়েছে ফিফা। শনিবার (২২ আগস্ট) কার্যনির্বাহী কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
 
ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়ার পরই তাদের জায়গায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা তৈরি হয়। এ নিয়ে ফিফার সঙ্গে আলোচনা শুরু হয়েছিল বলে জানিয়েছিলেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। এবার সেই আলোচনার পর আনুষ্ঠানিক অনুমোদনও মিলেছে।
 
বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন তিনি। তার ভাষ্য ছিল, এমন সুযোগ এলে বাংলাদেশ অবশ্যই অংশ নেবে। শেষ পর্যন্ত সেই অবস্থানই বাস্তব রূপ পেল।
 
ফিফা আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনে ‘এ’ গ্রুপে ছিল ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও স্বাগতিক ইন্দোনেশিয়া। ‘বি’ গ্রুপে রয়েছে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন।
 
ভারতের আগে চীনও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছিল। তাদের জায়গায় পাকিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়। শুরুতে দক্ষিণ এশিয়া থেকে অতিথি দল হিসেবে শুধু ভারতকেই আমন্ত্রণ জানিয়েছিল আসিয়ান। তবে নিজেদের মাঠে ব্রাজিলের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ থাকায় ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়।
 
আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ১৪ দল নিয়ে দুই বিভাগে অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। প্রিমিয়ার ডিভিশনের ম্যাচগুলো হবে ইন্দোনেশিয়ায়। আর চ্যালেঞ্জ ডিভিশনের ম্যাচ হবে হংকংয়ে। চ্যালেঞ্জ ডিভিশনে দুই গ্রুপে খেলবে হংকং, মিয়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস ও পূর্ব তিমুর।
 
শেষ মুহূর্তে ভারতের সরে দাঁড়ানোর পর পাওয়া সুযোগটি বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ফুটবলে নিজেদের আরও একবার মেলে ধরার বড় মঞ্চ হয়ে উঠতে পারে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180969