বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে : মাওলানা রফিকুল ইসলাম খান

বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে : মাওলানা রফিকুল ইসলাম খান

নাটোর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। বিএনপির কর্মকাণ্ড ও আচরণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই মনে হচ্ছে।

তারাও আওয়ামী লীগের মতো একই পথে হাঁটছে এবং তাদের অপকর্মের কারণে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হতে পারে। আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে নাটোর শহরের জেলা পরিষদ হল মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জেলা ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ২০২৪ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। কিন্তু সময়ের ব্যবধানে তারাই ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। বর্তমান সরকারকে আবার স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, জনগণের গণরায় নিয়ে কোনো ধরণের তালবাহানা না করে তা মেনে নিন। অন্যথায় জনগণ আওয়ামী লীগ সরকারের মতো আপনাদেরও বিদায় করবে।

দলের দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি করা গেলে কেউ নির্বাচনে কোনো ধরনের কারসাজি করার সাহস পাবে না। জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে সবার আগে পরিবারকে ইসলামভিত্তিক করে গড়ে তুলতে হবে। এরপর শহর-বন্দর, গ্রামগঞ্জ ও পাড়া-মহল্লায় ইসলামের গণভিত্তি রচনা করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, অধ্যক্ষ নজরুল ইসলাম ও প্রফেসর ড. আবুল হাশেম।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমির মাওলানা রাশেদুল ইসলাম রাশেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180935