প্রত্যেকটি পরিবার উদ্যোগ নিলেই মাদক নির্মূল সম্ভব: জিলানী
সমাজ থেকে পুরোপুরি মাদক নির্মূল করা কোন একক ব্যক্তি বা পুলিশের পক্ষে সম্ভব নয়। তবে প্রত্যেকটি পরিবারের অভিভাবক উদ্যোগ নিলেই মাদক নির্মূল সম্ভব বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) সংসদ সদস্য (এমপি) ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।
আজ শনিবার (২২ আগস্ট) টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস সুপার মার্কেটে গোপালগঞ্জ জেলা ওলামা দল আয়োজিত ‘মাদকমুক্ত সমাজ গড়তে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসএম জিলানী বলেন, প্রত্যেকটি পরিবারের সন্তান কী করছে, তা প্রথমে অভিভাবকের চোখেই ধরা পড়ে।
কিন্তু প্রথমে অভিভাবকরা লজ্জা বা অন্য কোনো কারণে মানতে চান না যে, তার ছেলে-মেয়ে মাদকাসক্ত হয়েছে। পরে এমন একটা সময় আসে, যখন ওই ছেলে-মেয়ের দ্বারা অতিষ্ঠ হয়ে বাবা-মা তাদের ধরে থানায় দিয়ে দেন। তাই প্রত্যেকটি পরিবারের অভিভাবক উদ্যোগ নিলেই মাদক থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।
প্রতি শুক্রবার নামাজের আগে ইমাম-মুয়াজ্জিনদের মাদকের ভয়াবহতা সম্পর্কে বয়ান দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যান্য দিনের তুলনায় শুক্রবার মসজিদ-মাদ্রাসায় বেশি মানুষ নামাজ পড়তে আসেন।
তাই ওইদিন সবাইকে মাদক নির্মূল বিষয়ে বয়ান দিলে সব শ্রেণি-পেশার মানুষ আরও সচেতন হবে। আর সমাজ অনেকটা উপকৃত হবে।
বিগত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে লুটপাটের বিষয়ে এসএম জিলানী বলেন, গত ১৭ বছরে ২৯ লাখ কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার হয়েছে, যা দিয়ে বাংলাদেশের সাতটি বাজেট ঘোষণা করা যেত। এই টাকা দেশে থাকলে যে কোনো মাধ্যমে আপনার পকেটে যেত, আমার পকেটে যেত।
কিন্তু টাকাটা বিদেশে পাচার হয়েছে। তাই দেশের অর্থনীতি একটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। নির্বাচিত সরকার অর্থনীতির ভিতকে শক্তিশালী করার চেষ্টা করছে। আশা করি, দ্রুত বাংলাদেশের অর্থনীতি মজবুত হবে।
গোপালগঞ্জ জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা মুফতি সাইদুর রহমানের সভাপতিত্বে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আবু জাফর খান, গোপাল সরকার, যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180924