নাটোরের সিংড়ায় সোয়া কোটি টাকার স্লুইসগেট অকেজো

নাটোরের সিংড়ায় সোয়া কোটি টাকার স্লুইসগেট অকেজো

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সংযোগ সড়ক ছাড়াই মাঠের মাঝে কোটি টাকার স্লুইসগেট অনেকটা অকেজো হয়ে পড়েছে। ফাঁকা মাঠের মধ্যে নির্মিত স্লুইসগেট বছরের পর বছর অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। ইরি মৌসুমে মাঠ থেকে ধান বহন করায় কৃষকদের অতিরিক্ত ব্যয় আর ভোগান্তি বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনাহীন এ প্রকল্পে সরকারি অর্থ অপচয় এবং লুটপাট হয়েছে। আর এলজিইডি সম্পূর্ণ কাজ সমাপ্ত না করেই বিল পরিশোধ করেছেন। এ বিষয়ে এলজিইডি মুখ খুলতে নারাজ। জানা যায়, টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের স্লুইসগেট নির্মাণ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান সোহেল, সান্তাহার আদমদিঘী বগুড়া।

উপজেলার ১২নং রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা মাঠ এলাকায় রাজবাড়ী খালের ওপর ২০২২-২৩ অর্থবছরে ১ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে এলজিইডির উদ্যোগে পানি প্রবাহ নিয়ন্ত্রণ রাখতে একটি স্লুইসগেট নির্মাণ শুরু করা হয়। আর প্রকল্পে স্লুইসগেটের সাথে একটি ঘর নির্মাণের কথা থাকলেও বাস্তবে ঘর নির্মাণ না করেই চুক্তি মূল্যের সম্পূর্ণ টাকা তুলে নেওয়া হয়।

নির্মাণের কয়েক বছর পেরিয়ে গেলেও এর দুই পাশে কোনো সংযোগ সড়ক তৈরি হয়নি। ফলে প্রকল্পটি এখনো জনগণের কোনো কাজে আসেনি। স্লুইস গেটের একটি জলকপাট নেই। আর একটি থাকলেও অকেজো হয়ে আছে। বর্ষাকালে চারিদিকে পানি থৈথৈ করছে আর মাঝখানে শুধু স্লুইসগেট মাথাচাড়া দিয়ে জেগে আছে। কেন ফাঁকা মাঠের মধ্যে স্লুইসগেটটি নির্মাণ করা হয়েছে, সে বিষয়ে স্থানীয়রা কিছুই জানেন না।

স্থানীয় কৃষকদের দাবি, স্লুইসগেট নির্মাণের পর কয়েকটি গ্রামের হাজার হাজার বিঘা ফসলি জমি পানিতে তলিয়ে ক্ষতির মুখে পড়েছে। পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হওয়ায় কৃষকদের দুর্ভোগ আরো বেড়েছে। সিংড়া উপজেলার এলজিইডির প্রকৌশলী খলিলুর রহমান বলেন, আমি নতুন দায়িত্ব নেয়ার পর বিষয়টি অবগত হয়েছি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180922