অস্ট্রেলিয়ায় বিরল এক রেকর্ড গড়লেন শরিফুল 

অস্ট্রেলিয়ায় বিরল এক রেকর্ড গড়লেন শরিফুল 

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে বাংলাদেশের ব্যর্থতার দিনে ব্যক্তিগতভাবে বিরল এক রেকর্ডের মালিক হলেন শরিফুল ইসলাম। একাদশে ফেরার ম্যাচে বল হাতে নামার আগেই ইতিহাসে নাম লেখালেন এই পেসার। তবে এমন কীর্তি যে কোনো ক্রিকেটারই চাইবেন না; কারণ এটি এসেছে দলের চরম ব্যাটিং বিপর্যয়ের মধ্য দিয়ে।

মেকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৩৪ ওভারের এই ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন ১১ নম্বরে ব্যাট করতে নামা শরিফুল। তার ব্যাট থেকে আসে ১৪ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ১১ নম্বরে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করার ঘটনা এটাই প্রথম। শুধু বাংলাদেশ নয়, টেস্ট ইতিহাসেও এটি বিরল ঘটনা। সব মিলিয়ে ১৩তমবারের মতো কোনো দলের ১১ নম্বরে নামা ব্যাটার সেই দলের ইনিংসে সর্বোচ্চ রান করলেন। শরিফুলের পর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান তাইজুল ইসলামের। নয় নম্বরে নেমে তিনি করেন ১২ রান।

বাংলাদেশের ক্রিকেটে অবশ্য এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০০৪ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১১ নম্বরে নেমে দলের সর্বোচ্চ ৩১ রান করেছিলেন তালহা জুবায়ের। সেবার ১২৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এবার অবশ্য পরিস্থিতি ছিল আরও কঠিন। একপর্যায়ে মাত্র ৩৯ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ উইকেটে তাইজুল ও শরিফুলের ২৫ রানের জুটি না হলে বাংলাদেশের স্কোর আরও বিব্রতকর হতে পারত। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180879