এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী

এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদলে চমক এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। দায়িত্ব পালনরত প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন আরও একজন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর সদ্য সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। এর ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন।

হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মন্ত্রিসভায় যুক্ত হওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন হুমায়ুন কবির এর আগে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন।

অন্যদিকে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শামা ওবায়েদ ইসলাম। নতুন পুনর্বিন্যাসেও তিনি একই পদে বহাল রয়েছেন।

এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকা নিয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, একই মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী থাকলে কাজের ক্ষেত্রে কোনো আইনি জটিলতা বা অসুবিধা নেই।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180876