আতঙ্কে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকরা
আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি বোর্ডিং হাউসে ভয়াবহ অগ্নিকান্ডে সাত বাংলাদেশিসহ অন্তত নয়জনের মৃত্যুর ঘটনায় পশ্চিমবঙ্গের পর্যটন খাতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দুর্ঘটনার পর কলকাতায় অবস্থানরত অনেক বাংলাদেশি পর্যটক নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
একই সঙ্গে বাংলাদেশে থাকা অনেকেই ভারতে ভ্রমণের পূর্বপরিকল্পনা স্থগিত করছেন। নিউ মার্কেট, মারকুইস স্ট্রিট, স্যাডার স্ট্রিট ও কলিন স্ট্রিট এলাকার হোটেল সমিতি এবং ট্রাভেল এজেন্টরা জানিয়েছেন, অগ্নিকান্ডের পর গত কয়েক দিনে আগাম টিকিট কেটে দেশে ফেরার প্রবণতা বেড়েছে। অনেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত সফর শেষ করতে চাইছেন।
অগ্নিকান্ডে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর কলকাতায় অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের পরিবারের মধ্যে উদ্বেগ বেড়েছে। অনেক স্বজন তাঁদের দ্রুত দেশে ফিরে আসার জন্য চাপ দিচ্ছেন। অগ্নিকান্ডের সময় ওই ভবনেই ছিলেন পাবনার বাসিন্দা মো. খুরশীদ আলম। পরে মারকুইস স্ট্রিটের একটি হোটেলে ওঠেন তিনি।
খুরশীদ বলেন, আগুনের খবর এবং বাংলাদেশিদের মৃত্যুর পর তাঁর স্ত্রী ও বাবা-মা নিয়মিত ফোন করে বাড়ি ফিরে যেতে বলছেন। ব্যবসায়িক কাজে কলকাতায় আসায় দ্রুত কাজ শেষ করে শুক্রবার বিকেলেই দেশে ফেরার পরিকল্পনা করেছেন তিনি। শুধু অগ্নিকান্ডের আতঙ্ক নয়, পরবর্তী প্রশাসনিক অভিযান ও তদন্তের মধ্যে হেনস্তার আশঙ্কাও পর্যটকদের অনেকে এলাকা ছাড়ার কারণ হিসেবে দেখছেন। ঢাকার বাসিন্দা ইসমাইল সরকার বলেন, এলাকার হোটেলগুলোতে প্রশাসনিক অভিযান চলাকালে আটকে পড়ার ঝুঁকি নিতে চান না তাঁরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180872