ইরানকে ঠেকাতে প্রয়োজনে আরও ১০০ বার হামলা চালাতাম: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তকে আবারও সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আরও একশবার হামলা চালাতেন। তার পদক্ষেপ না থাকলে ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেত বলেও মন্তব্য করেছেন তিনি।
এক রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির মাত্র দুই সপ্তাহের মধ্যে ছিল—এমন পরিস্থিতিতেই তিনি দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার নির্দেশ দেন।
ট্রাম্প আরও দাবি করেন, হামলার পর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে গেছে এবং দেশটির অর্থনীতি ধসে পড়ার কাছাকাছি রয়েছে। গণমাধ্যমে যে চিত্র উঠে আসছে, তার বিপরীতে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি।
ইরানকে ‘মধ্যপ্রাচ্যে দাদাগিরি করা রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরান কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশেও হামলা চালিয়েছে, যাদের ইরানের প্রতি সমর্থন খুবই সীমিত।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ না করলে ইরান এসব দেশকে ধ্বংস করে দিত এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলার প্রস্তুতিও নিচ্ছিল।
ট্রাম্পের বক্তব্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানই আবারও স্পষ্ট হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180864