ডলি জহুর আসামি হতে পারেন: সালমান শাহর মা
বিনোদন ডেস্ক : সালমান শাহ হত্যা মামলার তদন্ত ও বিচার দ্রুত এগিয়ে নেওয়ার দাবি আবারও জোরালো করেছেন প্রয়াত চিত্রনায়কের মা নীলা চৌধুরী। মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে—এমন কয়েকজনকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের পাশাপাশি প্রয়োজন হলে আসামি করার কথাও জানিয়েছেন তিনি।
গত ১০ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার আসামি খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে আটক করা হয়। তাকে আটক করতে চলচ্চিত্র অভিনেতা ডিপজল সহযোগিতা করেছেন বলে আলোচনা রয়েছে। ডিপজলের সঙ্গে সরাসরি কথা না হলেও মামলার স্বার্থে তাকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করেন নীলা চৌধুরী।
তিনি বলেন, ডিপজল চলচ্চিত্র অঙ্গনের মানুষ এবং ডনকে দেশ ছাড়ার সময় আটক করতে সহযোগিতা করেছেন। তাই তিনি মামলার বিষয়ে কিছু জানলে তা তদন্তকারীদের জানানো উচিত। ডনকে আটকে সহযোগিতা করায় ডিপজলকে ধন্যবাদও জানান তিনি।
সালমান শাহ হত্যার সময় চলচ্চিত্র অঙ্গনে নিয়মিত কাজ করা ব্যক্তিদের কাছ থেকে তথ্য নেওয়ার দাবি জানিয়ে নীলা চৌধুরী অভিনেত্রী ডলি জহুরের নামও উল্লেখ করেন। তার দাবি, হত্যার দিন কী ঘটেছিল সে বিষয়ে ডলি জহুর বিভিন্ন সময়ে গণমাধ্যমে কথা বলেছেন। তাই তাকে জিজ্ঞাসাবাদ করে সামিরা হকের সঙ্গে তার যোগাযোগসহ সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা প্রয়োজন।
ডলি জহুর, বাদল খন্দকারসহ আরও কয়েকজন সালমান শাহকে ঘিরে বিভিন্ন ঘটনা সম্পর্কে জানেন দাবি করে নীলা বলেন, প্রয়োজন হলে তাদের কাউকে আসামিও করা হতে পারে। তবে এসব বিষয়ে তদন্তের মাধ্যমে সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেন তিনি।
এদিকে সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মামলার আসামি ডন হক ভোট দিয়েছেন বলেও অভিযোগ করেছেন নীলা চৌধুরী। তার প্রশ্ন, হত্যা মামলার একজন আসামি কীভাবে এফডিসিতে এসে নির্বাচনে অংশ নিলেন। এ ঘটনায় যারা তাকে সহযোগিতা করেছেন, তাদেরও শনাক্ত করার দাবি জানান তিনি।
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানুর প্রসঙ্গ টেনে নীলা অভিযোগ করেন, ডনকে এফডিসিতে বরণ করে নেওয়া হয়েছিল। তার ভাষ্য, এতে ডন কারও প্রশ্রয়ে ছিলেন কি না, সে বিষয়টিও তদন্ত করা প্রয়োজন।
ডন হক আটকের পর সালমান শাহর মামা কুমকুম এবং চিত্রনায়কের ভক্তদের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন নীলা চৌধুরী। এসব হুমকির স্ক্রিনশট তার কাছে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, হুমকি দিয়ে বিচারপ্রক্রিয়া থামানো যাবে না। বাকি আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার শেষ করার দাবি জানান তিনি।
সালমান শাহ হত্যার বিচার দ্রুত শেষ করার দাবিতে সম্প্রতি মানববন্ধন করেছে সালমান শাহ ভক্ত ঐক্যজোট। দেশের ৬৪ জেলার ভক্তরা ঢাকার প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে অংশ নেন। সংগঠনটির অন্যতম সমন্বয়ক সাজিদ কামাল ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং মামলার আসামি সামিরা হকসহ অন্যদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে ৬৪ জেলায় আবারও মানববন্ধনের ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালতে হত্যা মামলা করা হয়। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ। দীর্ঘদিনের আলোচিত এ মামলার দ্রুত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছেন সালমান শাহর পরিবার ও ভক্তরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180862